রাস্তার দুই পাশের চিরচেনা গাছগুলো সাধারণত আমাদের অক্সিজেন আর ছায়া দেয়। কিন্তু খোকসা উপজেলার তাহেরপুর গ্রামের এই জীবন্ত গাছগুলোই এখন একেকটি নৈতিক শিক্ষার চত্বর হয়ে উঠেছে। সমাজ থেকে অপরাধ প্রবণতা দূর করতে এবং তরুণ প্রজন্মকে সুপথে ধরে রাখতে এক অভিনব প্রচার অভিযান শুরু করেছে স্থানীয় সামাজিক সংগঠন “আমাদের তাহেরপুর” স্বেচ্ছাসেবী সংগঠন। গ্রামের সড়কের পাশে, বৈদ্যুতিক খুঁটিতে এবং গাছের ডালে ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছে পবিত্র হাদিস ও মনীষীদের অমূল্য বাণী সংবলিত প্রায় ৬০/৭০ টি রঙিন ফেস্টুন।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন হাজারো কর্মব্যস্ত মানুষ যখন এই সড়ক দিয়ে যাতায়াত করেন, তখন তাদের চোখ আটকে যায় গাছে ঝুলানো এই বাণীগুলোতে। কোথাও লেখা ‘পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’, কোথাও বা মনিষীদের বাণী—‘লোভ মানুষকে ধ্বংস করে’। কোনো প্রকার পেরেক বা লোহার ব্যবহার না করে সম্পূর্ণ পরিবেশবান্ধব উপায়ে সুতা ও রশি দিয়ে ফেস্টুনগুলো টাঙানো হয়েছে, যা সংগঠনের পরিবেশ সচেতন মানসিকতারই বহিঃপ্রকাশ।
এই ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে এলাকার প্রবীণ শিক্ষক ও সমাজসেবকেরা জানান, “বর্তমান সময়ে যখন যুবসমাজ স্মার্টফোনের স্ক্রিনে আসক্ত হয়ে নৈতিকতা হারাচ্ছে, তখন রাস্তার মোড়ে ও জনবহুল স্থানে এমন শিক্ষণীয় বার্তা সত্যিই প্রশংসার দাবিদার। এটি কোনো সাধারণ ব্যানার নয়, এটি পথচলতি মানুষের জন্য এক একটা অদৃশ্য পাঠশালা।
“আমাদের তাহেরপুর” স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, “আমরা প্রায়ই দেখি সুন্দর সুন্দর দেয়াল বা গাছ রাজনৈতিক পোস্টার কিংবা বাণিজ্যিক বিজ্ঞাপনে ঢেকে থাকে, যা অনেক সময় বিরক্তির কারণ হয়। আমরা ভাবলাম, সেই শূন্য স্থানগুলোতে যদি এমন কিছু লেখা যায় যা মানুষের মনকে আলোড়িত করবে, তবে সমাজ কিছুটা হলেও উপকৃত হবে। মানুষ যাতে চলার পথে অন্তত একটি ভালো কথা বুকে নিয়ে বাড়ি ফিরতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা।”
সংগঠনটির এই ইতিবাচক উদ্যোগটি ইতিমধ্যে পুরো উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এই ধরনের নীরব ও সৃজনশীল প্রচারণার মাধ্যমে তাহেরপুর একটি আদর্শ ও মাদকমুক্ত মডেল গ্রামে হিসেবে গড়ে উঠবে।
মন্তব্য করুন