চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটির সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চলাকালে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। এদিন বেলা সাড়ে ১১টার দিকে এসব উদ্ধার করা হয়। এর আগে গত ১৫ ডিসেম্বর বিশেষ অভিযানে চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত থেকে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়ন এর রাঘববাটি এলাকা দিয়ে কিছু বিদেশি অস্ত্র পাচারের খবরে তল্লাশি শুরু করে বিজিবি। এসময় সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা ব্যাগ ফেলে দ্রুত সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, চলমান কড়া নজরদারি কারণেই অস্ত্র ও গুলির এই চালান ধরা পড়েছে। এর আগেও গত ১৫ ডিসেম্বর অন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং গুলি উদ্ধার হয়েছিল। সীমান্তে যোকোনো ধরণের অপরাধ দমনে বিজিবির অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন