১৩ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছে জার্মানি। বুধবার দেশটির মন্ত্রিসভা শিশু ও কিশোরদের অনলাইনে নিরাপদ রাখতে নতুন নীতিমালা অনুমোদন করেছে। ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন নিয়ম কার্যকর না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা চালুর পরিকল্পনা রয়েছে।
নতুন নিয়মে ১৩ বছরের কম বয়সীরা টিকটক, স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না। তবে শিশুদের জন্য বিশেষভাবে তৈরি প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ থাকবে। ১৩ থেকে ১৮ বছর বয়সীদের ক্ষেত্রে বয়স অনুযায়ী আলাদা বিধিনিষেধ আরোপের পরিকল্পনাও রয়েছে।
২০২৭ সাল থেকে বয়স যাচাইয়ের নির্ভরযোগ্য ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে সরকার। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটাতে উৎসাহিত করে এমন নকশা বন্ধ করতে প্ল্যাটফর্মগুলোর ওপর চাপ দেবে জার্মানি। এর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে চালু থাকা অ্যালগরিদমভিত্তিক সুপারিশ ব্যবস্থা বন্ধ করা এবং অনবরত স্ক্রল করতে উৎসাহিত করে এমন ফিচার নিয়ন্ত্রণ করা।
জার্মানির শিক্ষামন্ত্রী ও পরিবারবিষয়ক মন্ত্রী কারিন প্রিন বলেছেন, শিশুদের ডিজিটাল জগৎ থেকে দূরে সরিয়ে রাখা নয়, বরং অনলাইনে নিরাপদে চলার দক্ষতা তৈরি করাই সরকারের লক্ষ্য।
সূত্র: আনাদোলু এজেন্সি
মন্তব্য করুন