ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করার দ্বন্দ্ব নিয়ে রিলায়েন্স প্রধান মুকেশ আম্বানিকে কড়া ভাষায় আক্রমণ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি বার্তা পোস্ট করেছেন ট্রিলিওনিয়ার ইলন মাস্ক।
শুক্রবার (১০ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, তিনি আম্বানিকে ভারতের ‘প্রকৃত বস’ হিসেবে অভিহিত করে স্টারলিংককে প্রতিযোগিতার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক কটাক্ষ করে লেখেন, আম্বানিই ভারতের আসল প্রধানমন্ত্রী তা বুঝতে না পারার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। তিনি আরও বলেন, আম্বানি নিশ্চয়ই ভারতের মানুষের ওপর নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে চাইবেন, তবুও স্টারলিংককে সেখানে কাজ করার অনুমতি বিবেচনা করা উচিত কারণ ইন্টারনেটের সুযোগহীন প্রত্যন্ত অঞ্চলের শিশু ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনমান উন্নয়নে এই সেবা কার্যকর ভূমিকা রাখবে।
এর আগে বুধবার মাস্ক অভিযোগ তোলেন, কিছু নির্দিষ্ট গোষ্ঠীর কারণে ভারতে স্টারলিংকের প্রবেশ আটকে রাখা হচ্ছে, যাকে তিনি ভারতের জনগণের বিরুদ্ধে এক ধরনের অপরাধ হিসেবে গণ্য করেন। তবে ভারতের যোগাযোগ মন্ত্রণালয় এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, দেশটিতে স্যাটেলাইট যোগাযোগের জন্য সবার জন্য সমান ও নিরপেক্ষ আইনি কাঠামো বজায় রাখা হয়েছে।
মাস্ক পাল্টা জবাবে প্রশ্ন তোলেন, পাঁচ বছর ধরে ভারতের সকল নিয়ম ও আইন মেনে চলা সত্ত্বেও এবং বিশ্বের ১৬৫টিরও বেশি দেশে অনুমোদিত থাকা সত্ত্বেও কেন স্টারলিংককে লাইসেন্স দেওয়া হচ্ছে না। তিনি দাবি করেন, প্রাকৃতিক দুর্যোগের সময় অন্যান্য যোগাযোগ ব্যবস্থা ব্যর্থ হলে স্টারলিংক মানুষের জীবন রক্ষায় অত্যন্ত জরুরি ভূমিকা পালন করে থাকে।
বর্তমানে ভারতের কেন্দ্রীয় সরকার স্পেসএক্সের স্টারলিংক, ভারতী সমর্থিত ইউটেলস্যাট ওয়ানওয়েব এবং জিও স্যাটেলাইট কমিউনিকেশন্সকে লাইসেন্স দিলেও স্পেকট্রাম বরাদ্দের আগে নিরাপত্তা সম্পর্কিত ছাড়পত্রের প্রক্রিয়াটি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।
সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন