প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব (পিএস), সহকারী একান্ত সচিব (এপিএস) ও প্রটোকল অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মিঞা মুহাম্মাদ আশরাফ রেজা ফরিদীকে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মাদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেন।
এর আগে, আজ সন্ধ্যায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন দিয়ে তাদের নিয়োগ দেওয়া হয়।
মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ৫ জন উপদেষ্টা
মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, মো. ইসমাইল জবিউল্লাহ, ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ৫ জন উপদেষ্টা
হুমায়ূন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন, রেহান আসিফ আসাদ।
মন্তব্য করুন