ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের গাজা অভিমুখী নৌবহরের কনশেনস নামের জাহাজ থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে নিরাপদে দেশে ফেরানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, গণসংহতি আন্দোলন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কোয়ালিশনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
শহিদুল আলম বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টার দিকে ফেসবুকে ভিডিও বার্তায় জানান, জাহাজটি মাঝসমুদ্রে ইসরায়েলি বাহিনীর দ্বারা আটক করা হয়েছে এবং তিনি অপহরণের শিকার হয়েছেন।
শহিদুল আলম কনশেনস নামের জাহাজে আছেন, যা আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) নৌবহরের অংশ।
বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গাজাবাসীর প্রাণ রক্ষার পাশাপাশি শহিদুল আলমসহ সব মানবাধিকারকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানও শহিদুল আলমের নিরাপত্তা ও মুক্তি জাতীয় সম্মান ও মর্যাদার প্রশ্ন বলে মন্তব্য করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের কাছে দ্রুত মুক্তি এবং নিরাপদ প্রত্যাবর্তনের জন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ জানান, আলোকচিত্রী ও গাজা অভিমুখী ত্রাণকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জোরালো ভূমিকা প্রয়োজন। নাগরিক কোয়ালিশনও শহিদুল আলমের মুক্তির দাবি জানান।
এদিকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক অধিকারকর্মীদের মুক্তির দাবিতে এবং ফিলিস্তিনে জায়নবাদী আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর ইস্কাটনে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। সেখান ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ অধিকারকর্মীদের মুক্তির দাবি জানানো হয়েছে।
সভায় গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার বলেন, ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত শহিদুল আলমের মুক্তির জন্য আমাদের সোচ্চার হতে হবে। সেখানে যাঁরা ছিলেন তাদের অপহরণ করে কীভাবে, কোথায় রাখা হয়েছে- আমরা জানি না। তাদের জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তাদের মুক্তির জন্য সর্বোচ্চ ভূমিকা নিতে হবে।
মন্তব্য করুন