দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে বহিষ্কার করেছে বিএনপি। এ নিয়ে তৃতীয়বারের মতো বহিষ্কার হলেন তিনি।
সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এ আসনে রাশেদ খান বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন। এর আগে সাইফুল ইসলাম ফিরোজ দুইবার বহিষ্কার হয়েছিলেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাইফুল ইসলাম ফিরোজকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের সাংগঠনিক পদ থেকে সাইফুল ইসলাম ফিরোজকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে তাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বিএনপির নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বহিষ্কার করার কথা শুনেছি। এর আগে আমাকে দুইবার বহিষ্কার করেছিল। দল দলের সিদ্ধান্ত নিয়েছে। আমি নেতাকর্মীদের দাবিতে প্রার্থী হয়ে মাঠে থাকব। তবে দলের মধ্য থেকে কাউকে মনোনয়ন দিলে আমি প্রার্থিতা প্রত্যাহার করতাম। একজন বহিরাগত ব্যক্তিকে ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
মন্তব্য করুন