আজ পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। নারী বিশ্বকাপে দুই দলই একটি করে ম্যাচ খেলেছে, ভারত জয় পেয়েছে আর পাকিস্তান হেরেছে বাংলাদেশের কাছে। জয় নিয়ে ফুরফুরে মেজাজেই শ্রীলঙ্কায় পা রেখেছে ভারত। গতকাল ছিল তাদের অনুশীলন। তবে সে অনুশীলনটা আতঙ্কেরই হয়ে রইল ভারত নারী দলের কাছে।
ভারতীয় নারী ক্রিকেট দল যখন শুক্রবার সন্ধ্যায় কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করছিল, তখন সেখানে হঠাৎ হাজির হয় এক অপ্রত্যাশিত অতিথি—একটি সাপ। যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভারতীয় দলের মাঝে।
ধূসর-বাদামি রঙের সেই সাপটি অবশ্য ছিল স্থানীয়ভাবে পরিচিত ‘গারান্দিয়া’, অর্থাৎ একধরনের ইঁদুরখেকো নিরীহ সাপ। মাঠের এক কর্মকর্তা জানান, ‘এটা বিষধর না। কামড়ায় না। এটা শুধু ইঁদুর খুঁজতে এসেছে।’
এমন ঘটনা অবশ্য এই মাঠে নতুন নয়। এর আগেও লঙ্কা প্রিমিয়ার লিগের কয়েকটি ম্যাচে এবং এ বছর জুলাই মাসে শ্রীলঙ্কা-বাংলাদেশ ওয়ানডেতে দেখা মিলেছিল এই প্রজাতির সাপের। যেন এক অদ্ভুত রীতি হয়ে গেছে মাঠটির।
শুক্রবারও সাপটিকে দেখা যায় ড্রেন ও গ্যালারির পাশে হেঁটে বেড়াতে, ঠিক তখনই ভারতীয় খেলোয়াড়রা মূল পিচ থেকে নেটের দিকে যাচ্ছিলেন। সাপটি নজরে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে দলে। কেউ কেউ অবশ্য আতঙ্কিত না হয়ে বরং মজা পেয়েছেন সেই দৃশ্যে। খেলোয়াড়, কোচিং স্টাফ এমনকি সংবাদকর্মীরাও হাসিতে ফেটে পড়েন।
রবিবার এই মাঠেই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান নারী দল। ভারত নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে সহজেই হারিয়েছে। অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে ৭ উইকেটে। তাই এই ম্যাচের দিকেই এখন সবার দৃষ্টি।
মন্তব্য করুন