জামালপুরের মাদারগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন কৃষক লীগের দুই নেতা বিএনপিতে যোগদান করায় দলের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এ সময় তারা উপজেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের বহিষ্কার দাবি করেন।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে মাদারগঞ্জ উপজেলা সদরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকুর উপস্থিতিতে কৃষক লীগের মাদারগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি আবুল হোসেন ওরফে ভিক্কু এবং একই এলাকার বাসিন্দা ও পৌর কৃষকলীগের সদস্য মোশারফ হোসেন বিএনপিতে যোগদান করেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করা হয়।
নেতাকর্মীরা জানান, যোগদানকারী উভয়েই স্থানীয় বাজারে মাংস ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া আবুল হোসেন ওরফে ভিক্কু গত ৫ আগস্টের পর সন্ত্রাস দমন আইনের একটি মামলার আসামি ছিলেন এবং একপর্যায়ে পুলিশের হাতে গ্রেপ্তারও হন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন। তারা যোগদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতাদের দলে ভেড়ানোর নামে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিল ও বিতর্কিত নেতাদের পুনর্বাসনের চেষ্টা করছেন। তারা অবিলম্বে এ যোগদানের সঙ্গে জড়িত নেতাদের দল থেকে বহিষ্কারের দাবি জানান।
মন্তব্য করুন