টেকনাফ সীমান্তের ২১ নম্বর চাকমার কুল রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা কেফায়েত উল্লা (২২) গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) ভোর চারটায় তাকে হাসপাতালে আনা হয়। তিনি নজির উদ্দিনের ছেলে।
চিকিৎসকরা কেফায়েতকে ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করেছেন। হাসপাতালে আনার সময় সঙ্গে ছিলেন একই আশ্রয়শিবিরের বাসিন্দা নাসির খান। তিনি জানান, গতকাল রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় কেফায়েত গুলিবিদ্ধ হন এবং পরে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, সীমান্ত এলাকায় গতকাল গোলাগুলি হয়েছে, সম্ভবত ওই যুবক সেখানে আহত হয়েছেন। পরিস্থিতি নজরদারিতে রাখছে বিজিবি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান ও ড্রোন হামলা, মর্টার শেল ও বোমা বিস্ফোরণ অব্যাহত রয়েছে। তিন দিন ধরে মংডু টাউনশিপের আশপাশের এলাকায় সরকারি বাহিনী আরাকান আর্মির অবস্থানে হামলা চালাচ্ছে। স্থলভাগেও আরাকান আর্মি ও রোহিঙ্গাদের তিনটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হচ্ছে। এর ফলে সীমান্তবর্তী টেকনাফের গ্রামগুলোতে ওপার থেকে গুলি এসে পড়ছে, লোকজনের ঘরবাড়ি ও চিংড়িঘের ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গতকাল রোববার সকালেও মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে ৯ বছর বয়সী হুজাইফা আফনান নামে এক শিশু আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
মন্তব্য করুন