ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা নুরুল ইসলামের প্রার্থিতা নিয়ে চলা অনিশ্চয়তা দূর হয়েছে। বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে প্রাথমিক বাছাইয়ে মনোনয়ন বাতিল হলেও আপিল শেষে রোববার (১১ জানুয়ারি) তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
এর আগে ৩ জানুয়ারি যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং অফিসার ও ঢাকা জেলা প্রশাসক মাওলানা নুরুল ইসলামের মনোনয়ন বাতিল করেন। তখন জানানো হয়, তার নামে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তবে সে সময় নুরুল ইসলাম দাবি করেন, তিনি বিল পরিশোধ করেছেন কিন্তু ব্যাংক চালানের কপি দেখাতে না পারায় এই বিপত্তি ঘটেছে।
রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন মাওলানা নুরুল ইসলাম। আপিল শুনানিতে প্রয়োজনীয় নথিপত্র এবং ব্যাংক চালানের কপি জমা দেওয়ায় তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। এর ফলে এই আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষের প্রার্থীর পাশাপাশি ‘হাতপাখা’ প্রার্থী হিসেবে তিনি পুনরায় নির্বাচনি লড়াইয়ে ফিরে এলেন।
এ আসনে বৈধ প্রার্থীর তালিকায় রয়েছেন খন্দকার আবু আশফাক (বিএনপি), মোহাম্মদ নজরুল ইসলাম (জামায়াতে ইসলামী), মাওলানা নুরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), নাসির উদ্দিন মোল্লা (জাতীয় পার্টি), ফরহাদ হোসেন (খেলাফত মজলিস), মো. আলী (লেবার পার্টি)।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর মাওলানা নুরুল ইসলাম এক প্রতিক্রিয়ায় জানান, সত্যের জয় হয়েছে। আমি বিল পরিশোধ করেই মনোনয়ন জমা দিয়েছিলাম। এখন দোহার-নবাবগঞ্জের মানুষের হক আদায়ের লড়াইয়ে আর কোনো বাধা নেই।
মন্তব্য করুন