লেবাননে দায়িত্বরত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর (ইউনিফিল) ওপর ইসরায়েলি সামরিক বাহিনীর সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
বুধবার (১ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে পরিষদের সদস্য রাষ্ট্রগুলো গত মার্চের শেষে ঘটা এই হামলার কঠোর সমালোচনা করে, যাতে ইন্দোনেশিয়ার তিনজন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি এই হামলায় আরও পাঁচজন শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা পরিষদ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি এই সংকটের মুখেও বিশ্বশান্তি রক্ষায় নিয়োজিত সেনাদের অকুতোভয় সেবার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
বিবৃতিতে নিরাপত্তা পরিষদ উল্লেখ করেছে, লেবানন ও ইসরায়েলের মধ্যবর্তী সীমান্তরেখা তথা ‘ব্লু লাইন’ বরাবর চলমান শত্রুতার জেরে শান্তিরক্ষীদের অবস্থানগুলো বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
আহত সেনাদের দ্রুত আরোগ্য কামনা করে পরিষদ জোর দিয়ে বলেছে, শান্তিরক্ষীরা কখনোই কোনো যুদ্ধের লক্ষ্যবস্তু হতে পারেন না। ইউনিফিলের কার্যক্রমে পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে সংস্থাটি সংশ্লিষ্ট সকল পক্ষকে জাতিসংঘের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার এবং তাদের অবাধ চলাচলের পথে বাধা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে। বিশেষ করে শান্তিরক্ষীদের জীবন ঝুঁকিতে ফেলে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য ইসরায়েলকে সতর্ক করা হয়েছে।
নিরাপত্তা পরিষদের এই বিবৃতিতে ইউনিফিলে সেনা পাঠিয়ে অবদান রাখা দেশগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে, ইন্দোনেশীয় সেনাদের মৃত্যুর এই সুনির্দিষ্ট ঘটনাটি ইউনিফিলের মাধ্যমে তদন্ত করার জন্য এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট দেশকে নিয়মিত অবহিত করার জন্য জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
পরিষদ স্পষ্টভাবে জানিয়েছে, নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক রেজোলিউশন অনুযায়ী এই হামলার বিচার হওয়া জরুরি। লেবাননের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি নিজেদের অবিচল সমর্থন আবারও প্রকাশ করেছে এই বিশ্ব সংস্থা।
বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আবারও ১৭০১ নম্বর রেজোলিউশন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে। লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর দেয়াল নির্মাণ এবং ব্লু লাইন অতিক্রম করার মতো ঘটনাগুলো এই রেজোলিউশনের পরিপন্থী বলে ইউনিফিলের পর্যবেক্ষণে উঠে এসেছে।
নিরাপত্তা পরিষদের সদস্যরা মনে করেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাতময় পরিবেশে শান্তিরক্ষীদের ওপর হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং লেবাননের স্থিতিশীলতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মন্তব্য করুন