ইরানের মানবাধিকারকর্মী এবং ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদিকে শারীরিক অবস্থার অবনতির কারণে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (১ মে) আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
নার্গিস মোহাম্মাদির ফাউন্ডেশন জানিয়েছে, তিনি দু’বার সম্পূর্ণ অচেতন হয়ে পড়েন এবং গুরুতর হৃদ্রোগজনিত সংকটে ভুগেছেন।
প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে জানানো হয়, কারাগারের চিকিৎসকরা মনে করেছেন তার অবস্থা সেখানে সামাল দেওয়া সম্ভব নয়। তাই বাধ্য হয়ে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যদিও আগে থেকেই তেহরানে তার বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসা দেওয়ার সুপারিশ করা হয়েছিল।
এই নোবেলজয়ীর আইনজীবীদের মতে, নার্গিস মোহাম্মদি গত মার্চের শেষের দিকে হৃদরোগ আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এর কদিন পর আইনজীবীরা তার সঙ্গে দেখা করেন। তখন নার্গিসকে বেশ ফ্যাকাশে ও শীর্ণ দেখাচ্ছিল। একজন নার্সের সহায়তা নিয়ে হাঁটছিলেন তিনি।
গত বছরের ১২ ডিসেম্বর গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে আছেন ৫৩ বছর বয়সী মোহাম্মাদি। ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ সফরের সময় তাকে আটক করা হয়।
পরে গত ফেব্রুয়ারিতে তাকে সাত বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়। তার আইনজীবী জানিয়েছেন, এর মধ্যে ‘অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও ষড়যন্ত্র’ করার অভিযোগে ছয় বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মন্তব্য করুন