ইরান ও হুথিদের নিয়ে আলোচনা
ইরান ও ইয়েমেনের হুথিদের বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা গোপন বৈঠক করেছেন। শুক্রবার (২ অক্টোবর) প্রেসিডেন্টের অবকাশযাপনকেন্দ্র ক্যাম্প ডেভিডে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস।
বৈঠকে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রধান এবং মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা অংশ নেন। তবে বৈঠকটি নিয়ে হোয়াইট হাউজ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বিশেষ করে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সেখানে ‘কিছু একটা সিদ্ধান্ত হয়েছে অথবা এ নিয়ে গভীর আলোচনা হয়েছে’।
বৈঠকে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ, হোয়াইট হাউজের দূত স্টিভ উইটকফ, সিআইএর পরিচালক জন রেটক্লিফ এবং সেনাপ্রধান জেনারেল ডেন কেইন।
কেন বৈঠকটি নিয়ে আলোচনা
গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অংশগ্রহণ সত্ত্বেও বৈঠকটি প্রকাশ্যে ঘোষণা না করায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এক্সিওস জানিয়েছে, এর আগে ২০২৫ সালের জুনে এ ধরনের একটি বৈঠক হয়েছিল। ওই বৈঠকের কয়েক দিন পর ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে জড়ায়।
তবে বর্তমান বৈঠকটি থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে মার্কিন প্রশাসন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। হোয়াইট হাউজও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ার মধ্যে দেশটির বিরুদ্ধে আবার বড় ধরনের সামরিক পদক্ষেপের সম্ভাবনার কথা জানিয়েছেন ট্রাম্প। গত বৃহস্পতিবার তিনি বলেন, এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে—হয় ইরান চুক্তি স্বাক্ষর করবে, নয়তো তাদের কোনো অস্তিত্ব আর থাকবে না।
এদিকে সৌদি আরব ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে হামলা চালানোর জন্য চাপ দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এখন পর্যন্ত ট্রাম্প সেই চাপের কাছে নতি স্বীকার করেননি। একই সঙ্গে পরিস্থিতি অনুযায়ী তার অবস্থান পরিবর্তিত হতে পারে বলেও প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
শুক্রবার ক্যাম্প ডেভিডে শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের সময় এক সাংবাদিক ট্রাম্পকে ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, যদি আমি আপনাকে এ ব্যাপারে বলি, তাহলে এটি বিশাল বিষয় হবে। কিন্তু আপনারা দেখবেন, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে বেশ ভালো কাজ চলছে। কিন্তু ইরান ভালো করছে না।
মন্তব্য করুন