যুদ্ধের দামামা
ইরানের পারমাণবিক কর্মসূচি আবারও আলোচনার কেন্দ্রে এখন। এনিয়ে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে বিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। যাতে মনে হচ্ছে, তেহরান তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে কোনো চুক্তিতে রাজি না হলে আমেরিকা হামলার জন্য প্রস্তুত। ১৯ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন, অর্থবহ চুক্তি না হলে খারাপ কিছু ঘটবে।
তিনি আবারও বলেন, তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না, বিষয়টি খুবই সহজ… তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। তবে ইরান সবসময়েই পারমাণবিক বোমা তৈরির চেষ্টার কথা অস্বীকার করে আসছে। কিন্তু অনেক দেশ, একই সাথে বিশ্বব্যাপী পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ এই দাবির ওপর পুরোপুরি আস্থা পোষণ করে না।
পশ্চিমা নেতারা দীর্ঘদিন ধরে বলে আসছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের অনুমতি দেওয়া উচিত না।
২০২৫ সালের মে মাসে ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র পেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ২০২৪ সালের নির্বাচনী প্রচারে তিনি বলেন, এতে সম্পূর্ণ ভিন্ন এক বিশ্ব তৈরি হবে, পুরোপুরি ভিন্ন দর কষাকষির বিষয় হবে এবং ইসরায়েলের অস্তিত্ব নেই হয়ে যাবে।
এ ছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, পারমাণবিক অস্ত্রধারী ইরান এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি হবে।
এটি আঞ্চলিক উত্তেজনা বাড়াবে এবং সংকট মোকাবিলা আরও জটিল করে তুলবে, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য, বলেন যুক্তরাজ্যভিত্তিক থিংক ট্যাংক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (রুসি)-এর মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ড. এইচ এ হেলিয়ার।
কিছু বিশ্লেষক মনে করেন, পারমাণবিক অস্ত্র পেলে ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে, চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে পারে এবং সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে।
ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে জানা যায়, যদিও তারা তা স্বীকার বা অস্বীকার, কোনোটাই করে না। হেলিয়ার যুক্তি দেন, ইরান পারমাণবিক অস্ত্র পেলে তাৎক্ষণিক উত্তেজনা বৃদ্ধির কারণ না হয়ে বরং পারস্পরিক প্রতিরোধের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাই বেশি।
তার মতে, আঞ্চলিক বেশিরভাগ পক্ষের দৃষ্টিতে ইসরায়েলের শক্তিই এখন বেশি তাৎক্ষণিক ও অস্থিতিশীলতা তৈরি করার মতো নিরাপত্তা উদ্বেগের বিষয়, কোনো কাল্পনিক ইরানি বোমা নয়।
তবে তিনি সতর্ক করেন, পারমাণবিক অস্ত্রধারী ইরানের বড় ঝুঁকি হবে সংঘাতের পরিস্থিতিতে ভুল হিসেবনিকেশ।
মন্তব্য করুন