রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনি দুই বছর আগে একটি আর্কটিক কারাগারে বন্দি অবস্থায় বিষক্রিয়ার কারণে মৃত্যুবরণ করেছিলেন- পাঁচ ইউরোপীয় দেশের পক্ষ থেকে আসা এমন মূল্যায়ন ক্রেমলিন সোমবার ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) মস্কো জানায়, এ অভিযোগের কোনো ভিত্তি নেই।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আমরা স্বাভাবিকভাবেই এই ধরনের অভিযোগ মেনে নিচ্ছি না। আমরা এর সঙ্গে একমত নই। আমরা এটিকে পক্ষপাতদুষ্ট ও ভিত্তিহীন মনে করি।
রাশিয়ার প্রেসিডেন্ট–এর অন্যতম প্রধান সমালোচক আলেক্সি নাভালনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আর্কটিক অঞ্চলের একটি দূরবর্তী কারাগারে ৪৭ বছর বয়সে মারা যান। তার মৃত্যুর এক মাস পরই পুনর্নির্বাচিত হন পুতিন। পশ্চিমা দেশগুলো সেই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে মনে করেনি।
শনিবার এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইডেন ও নেদারল্যান্ডস দাবি করে, নাভালনির দেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষায় ‘এপিবাটিডিন’ নামের এক ধরনের বিষাক্ত উপাদানের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এই বিষ সাধারণত দক্ষিণ আমেরিকার ‘পয়জন ডার্ট ফ্রগ’-এ পাওয়া যায় এবং রাশিয়ায় স্বাভাবিকভাবে এটি পাওয়া যায় না বলে তারা জানায়।
এর আগে নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনিয়া অভিযোগ করেছিলেন, রাষ্ট্রীয়ভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে রুশ কর্তৃপক্ষ দাবি করে আসছে, নাভালনি স্বাভাবিক কারণেই মারা গেছেন।
মন্তব্য করুন