কুষ্টিয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ব্যবসায়িক জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে ‘ব্যবসা ব্যবস্থাপনা (Business Management for SMEs)’ বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন চেম্বারের সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ আবু জাফর মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সহ-সভাপতি কাজী রফিকুর রহমান এবং সাবেক সহ-সভাপতি মোঃ মোকারম হোসেন মোয়াজ্জেম। অনুষ্ঠানটি সঞ্চালনা ও প্রশিক্ষণের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন কারুযোগ-এর সহ-উদ্যোক্তা এবং ফেয়ার (FAIR)-এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)-এর উদ্যোগে এবং দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সহযোগিতায় আয়োজিত এই পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন মোঃ রফিকুল হাসান ও শারমিন আক্তার।
সমাপনী বক্তব্যে সভাপতি আলহাজ্ব মোঃ আবু জাফর মোল্লা বলেন, একটি সফল ব্যবসার ভিত্তি হলো সঠিক ব্যবস্থাপনা, সততা এবং পণ্যের মান নিয়ন্ত্রণ। তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের আধুনিক ব্যবসায়িক কৌশল, ব্যবস্থাপনা ও বিপণন জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে, যা তাদের ব্যবসাকে টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে কাজী রফিকুর রহমান কুষ্টিয়ায় উদ্যোক্তাদের দক্ষ করে গড়ে তুলতে এসএমই ফাউন্ডেশনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে সাব্বির আহমেদ ও রাশেদা খাতুন বলেন, এই প্রশিক্ষণ তাদের ব্যবসা পরিচালনার সক্ষমতা বাড়াতে সহায়ক হবে এবং বাস্তব ক্ষেত্রে অর্জিত জ্ঞান প্রয়োগের মাধ্যমে তারা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে কুষ্টিয়া জেলার বিভিন্ন খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, হিসাব ব্যবস্থাপনা এবং বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা অর্জন করেছেন বলে সংশ্লিষ্টরা জানান।
মন্তব্য করুন