ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে তলব করলো ইরান - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ জানুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে তলব করলো ইরান

ইরানে চলমান নজিরবিহীন সরকারবিরোধী বিক্ষোভে সংহতি জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) তেহরানে নিযুক্ত এই চার দেশের কূটনীতিকদের ডেকে এনে ইরান সরকার তাদের কড়া প্রতিবাদ জানায়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, তলব করা রাষ্ট্রদূতদের সামনে বিক্ষোভের কিছু নির্দিষ্ট ভিডিও চিত্র উপস্থাপন করেছেন ইরানি কর্মকর্তারা।

ওই ফুটেজগুলো দেখিয়ে তেহরান দাবি করেছে যে, চলমান আন্দোলন শান্তিপূর্ণ সীমানা ছাড়িয়ে সুসংগঠিত ধ্বংসাত্মক কর্মকাণ্ডে রূপ নিয়েছে। ইরানি কর্তৃপক্ষ এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিক্ষোভকারীদের প্রতি সমর্থনসূচক সরকারি বিবৃতিগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে।

ইরান সরকার এই বিক্ষোভকে শুরু থেকেই বিদেশি উসকানি ও ষড়যন্ত্র বলে দাবি করে আসছে। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই আন্দোলনকে আরও সহিংস করতে দাঙ্গাকারীদের সরাসরি বিভিন্নভাবে সহযোগিতা করছে।

বিশেষ করে বিক্ষোভ দমনে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ রাখায় পশ্চিমা বিশ্ব যে সমালোচনা করেছে, তাকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে ইরান। যদিও পশ্চিমা দেশগুলো মতপ্রকাশের স্বাধীনতার ওপর জোর দিয়ে বিক্ষোভকারীদের অধিকার রক্ষার আহ্বান জানিয়ে আসছে, কিন্তু ইরান সরকার একে তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে চিহ্নিত করেছে। ২০২২ সালের পর বর্তমান এই আন্দোলনকে দেশটির ধর্মতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

গত ২৮ ডিসেম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন রাজনৈতিক রূপ নিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। বর্তমানে অর্থনৈতিক সংকটের ভয়াবহতা এতটাই যে, ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড অবমূল্যায়ন ঘটে বিনিময় হার ১ ডলারে ১ লাখ ৪৫ হাজার রিয়ালে পৌঁছেছে।

বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের এই অসন্তোষকে কাজে লাগিয়ে বিদেশি শক্তিগুলো ফায়দা লুটছে বলে দাবি ইরানের। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, অর্থনৈতিক দুর্দশার হাত থেকে বাঁচতেই সাধারণ মানুষ রাজপথে নামতে বাধ্য হয়েছে।

ইরান সরকার আনুষ্ঠানিকভাবে হতাহতের কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ না করলেও যুক্তরাষ্ট্রভিত্তিক অধিকার সংগঠন ‘এইচআরএএনএ’ জানিয়েছে, অভিযানে এ পর্যন্ত অন্তত ৫৪৪ জন নিহত এবং সহস্রাধিক মানুষ আহত হয়েছেন। এ ছাড়া আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ হাজার ৬৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় বর্তমান পরিস্থিতির সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ইউরোপীয় চার দেশের রাষ্ট্রদূতদের তলব করার ঘটনাটি পশ্চিমাদের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ককে এক চূড়ান্ত সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০