কুষ্টিয়ার উজানগ্রাম ইউনিয়নের মৃত্তিকাপাড়া গ্রামের ৭ ওয়ার্ডের আওয়ামী লীগ-এর সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোয়াজ্জেম হক (৪৫) কে গ্রেপ্তার করেছে ইবি থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কুষ্টিয়ার কুশলীবাসা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ মোয়াজ্জেম হক উজানগ্রাম ইউনিয়নের মৃত্তিকাপাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি মৃত আপিল মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরপরই সাদা পোশাক ও পুলিশ সদস্যদের একটি দল কুশলীবাসা বাজারের আশেপাশে অবস্থান নেয়। পরে তারা আসামী মোঃ মোয়াজ্জেম হককে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তার করে ইবি থানা পুলিশের হেফাজতে নিয়ে যায়। কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মামলা নং-১০, তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৫-এর আলোকে গ্রেপ্তার হওয়া আসামি মোঃ মোয়াজ্জেম হোসেন মন্ডল (৪৫) কে কুষ্টিয়ার বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেএ সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৪৪৭/৪৪৮/৩০৭/৩২৩/৩৫৪/৩৭৯/৩৮০/৪২৭/৫০৬/১০৯ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর ৫/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, তিনি সংঘবদ্ধভাবে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সহিংসতা, অনধিকার প্রবেশ ও ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িত ছিলেন।
আদালতে উপস্থাপিত তদন্ত প্রতিবেদনে মামলার প্রাথমিক অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, আসামি জামিনে মুক্তি পেলে মামলার সাক্ষ্যপ্রমাণ নষ্ট এবং তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিবেচনায় নিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
মন্তব্য করুন