যশোরের ঝিকরগাছা উপজেলায় এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় ছাত্রদলের বহিষ্কৃত দুই নেতাসহ চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক আবু সাঈদ চার্জশিট জমা দেন।
অভিযুক্তরা হলেন ঝিকরগাছার পটুয়াপাড়ার শরিফুল ইসলামের ছেলে ও গদখালী ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আল মামুন হোসেন বাপ্পী, একই গ্রামের মিজানুর রহমানের ছেলে ও বহিষ্কৃত দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন এবং উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান। চারজনই বর্তমানে কারাগারে রয়েছেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, তদন্ত শেষে আটক আসামিদের দেওয়া তথ্য ও সাক্ষীদের বিবরণ যাচাই করে চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ দুপুরে ভুক্তভোগী নারী তার শিশুসন্তানকে সঙ্গে নিয়ে বেনাপোল থেকে মনিরামপুরের উদ্দেশে যাত্রা করছিলেন। পথে গদখালী বাজারে তিনি ইয়াসিন আরাফাতের সঙ্গে পরিচয় হয়। পরে জাবেদ হোসেনের মোটরসাইকেলে উঠে বেড়াতে যাওয়ার কথা বলে বের হন। এরপর অপর তিনজন আসামি একটি মোটরসাইকেলে তাদের পিছু নেন এবং ওই নারীকেও একটি বাগানে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।
পরবর্তীতে অসুস্থ হয়ে পড়া নারী ও তার শিশুকে ফেলে রেখে আসামিরা চলে যায়। কিছুটা সুস্থ হয়ে ভুক্তভোগী নারী ৯৯৯-এ ফোন করলে ঝিকরগাছা থানার তখনকার ওসি বাবলুর রহমান খান ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পুলিশ মোবাইল ট্র্যাকিং করে সন্ধ্যায় চারজনকে আটক করে।
মন্তব্য করুন