কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা জোসনা খাতুন (৫০) ও ছেলে বিপ্লব সরদার (৩৩) এর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ শনিবার বিকেল ৪টায় উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের নিজ মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টের এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিপ্লব শনিবার বেলা ৩টার দিকে চাঁদগ্রামস্থ তার মুরগির খামারের পাশের নিজ জমিতে পাওয়ার ট্রিলার দিয়ে চাষ করছিলেন। চাষ কাজ শেষে ট্রেলার নিয়ে খামারে ঢুকতেই বিদ্যুতের তার গাড়িতে জড়িয়ে যায়। মুহূর্তেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে বিপ্লবের মা বাড়ি থেকে ছুটে এসে ছেলে বিপ্লবকে জড়িয়ে ধরে ছাড়াতে চেষ্টা করেন। তৎক্ষণাৎ ঘটনাস্থলে জোসনা খাতুনও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা’রা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিপ্লবের দুলাভাই বিপুল বলেন, ৩টার দিকেও আমি তাকে চাষ করতে দেখেছি। এরপর হঠাৎ
বিপ্লবের চাচাতো ভাই মুকুলের চিৎকারে শুনে এসে দেখি আমার শাশুড়িসহ সে মাটিতে পড়ে আছে। সন্তান ও স্ত্রী হারিয়ে বাবা হাবিল সরদার বারবার জ্ঞান হারাচ্ছেন। এমন মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় আর ঘটে নি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আবদুল রব তালুকদার বলেন, বিদ্যুৎ স্পৃষ্টে মা-ছেলে মারা যাওয়ার ঘটনাটি শুনেই আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। এমন হৃদয় বিদারক ঘটনা সত্যিই দুঃখজনক। যেহেতু এটি একটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা, তাই পোস্টমর্টেম ছাড়াই লা’শ হস্তান্তর করেছি।
মন্তব্য করুন