প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বাড়ানোর সঙ্গে সঙ্গে শিগগিরই ভেনেজুয়েলা-সম্পর্কিত অভিযানের ‘নতুন পর্যায়’ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। চার জন মার্কিন কর্মকর্তার বরাতে রোববার (২৩ নভেম্বর) রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন অভিযানের সঠিক সময় বা পরিধি নির্ধারণ করতে পারেনি রয়টার্স। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পদক্ষেপ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।
ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কের অবনতির মধ্যে মার্কিন সামরিক বাহিনী ক্যারিবীয় অঞ্চলে বিশাল বাহিনী মোতায়েন করায় সম্প্রতি ‘সম্ভাব্য পদক্ষেপ’ নিয়ে তৎপরতা বেড়েছে।
দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, গোপন অভিযান সম্ভবত মাদুরোর বিরুদ্ধে নতুন পদক্ষেপের প্রথম অংশ হবে।
যুক্তরাষ্ট্রের আসন্ন পদক্ষেপের ‘সংবেদনশীলতার কারণে’ নাম প্রকাশ না করার শর্তে চার কর্মকর্তা রয়টার্সের সঙ্গে কথা বলেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ভেনেজুয়েলা সম্পর্কে ‘কোনো কিছুর সম্ভাবনা’ উড়িয়ে দেননি। তিনি বলেন, ‘আমাদের দেশে মাদকের বন্যা বন্ধ করতে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান শক্তির প্রতিটি উপাদান ব্যবহার করতে প্রস্তুত।’
যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক প্রবাহের জন্য নিকোলাস মাদুরোর ভূমিকা আছে বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসন। তবে তিনি অবৈধ মাদক ব্যবসার সঙ্গে কোনো যোগসূত্র থাকার কথা অস্বীকার করেছেন।
২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো যুক্তি দিয়ে আসছেন, ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছেন। ভেনেজুয়েলার নাগরিক ও সামরিক বাহিনী এই ধরনের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করবে।
এদিকে, ক্যারিবীয় অঞ্চলে কয়েক মাস ধরে সামরিক ঘাঁটি মেরামত ও সৈন্য মোতায়েন করা হচ্ছে। ট্রাম্প ইতোমধ্যে ভেনেজুয়েলায় গোপন সিআইএ অভিযানের অনুমোদন দিয়েছেন।
মন্তব্য করুন