
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তড়িয়া মহলের খাজনার টাকা তোলাকে কেন্দ্র করে বালু ব্যবসায়ী নাসিরুল বিশ্বাস(৪০) গুলিবিদ্ধ হয়েছে। সে বাহিরচর ইউনিয়নের মৃত আবু এসপির ছেলে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
রবিবার (৫ জুলাই) বিকেল ছয়টার দিকে হার্ডিং ব্রিজ সংলগ্ন পুরাতন ফেরিঘাট মনিপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বালু ব্যবসায়ীরা জানান, রবিবার বিকেল ছয়টার দিকে হার্ডিং ব্রিজ সংলগ্ন পুরাতন ফেরিঘাট মনিপার্ক এলাকায় মুখোশধারী একটি গ্রুপ এসে তড়িয়া মহলের খাজনার টাকা দাবি করে। সে সময় বালু ব্যবসায়ী আলম জানায়, সে অন্য আরেকটি গ্রুপকে খাজনার টাকা দিয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে তারা যেন কোন ঝামেলা না করে নিজেদের মধ্যে আপোষ মীমাংসা করে।
আলম আরও জানায়, মুখোশধারী গ্রুপের সাথে অপর গ্রুপের সদস্য নাসিরুল বিশ্বাস ও রাজ্জাক নামের দুজন তর্কে জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর দু’গ্রুপের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। নাসিরুল দৌড় দিলে মুখোশধারীরা পেছন থেকে গুলি করে। একটি গুলি তার পায়ে এবং অপরটি পিঠে গিয়ে লাগে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ঘটনার সাথে জড়িত উভয় পক্ষই একই রাজনৈতিক দলের সক্রিয় সদস্য।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাক্তার কল্লোল সাহা জানান, গুলিবিদ্ধ নাসিরুলের পায়ের গুলিটি বের করা সম্ভব হলেও পিঠের গুলিটি বের করা যায়নি। উন্নত চিকিৎসার জন্য মুমূর্ষ অবস্থায় তাকে রেফার্ড করা হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, তড়িয়া মহলের খাজনাকে কেন্দ্র করে বালু ব্যবসায়ী নাসিরুল গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ আসলে মামলা নেয়া হবে।
মন্তব্য করুন