কবি ও বাচিক শিল্পী ‘তুলিকা বিশ্বাস’ রচিত ‘গহীনে শঙ্খচিল’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। পুরো অনুষ্ঠানটি কাব্যময় পরিবেশে কবি,সাহিত্যিক, লেখক ও কলামিস্টদের উপস্থিতিতে অনুভূতিমালা, শুভেচ্ছা কথন,কাব্য আলোচনা ও আবৃত্তিতে মুখরিত ছিলো।
শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৪ টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির ৩০১ নম্বর সেমিনার কক্ষে এই পাঠ উন্মোচন সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা কবি ও বাচিক শিল্পী ‘তুলিকা বিম্বাস’ তাঁর হৃদয়ের গহীনে থাকা প্রেম, দ্রোহ ও আকাঙ্খিত পৃথিবীর স্বপ্ন নিয়ে জীবনসঙ্গী শিশিত কুমার বিশ্বাসের অনুপ্রেরণায় শব্দের পিঠে শব্দ গেঁথে রচনা করেছেন কাব্যগ্রন্থ ‘গহীনে শঙ্খচিল’। জ্ঞানসঙ্গী প্রকাশনী থেকে প্রকাশিত জীবনের রং তুলিতে আঁকা এই কাব্যগ্রন্থটিতে স্থান পেয়েছে ৮০ টি কবিতা। কাব্যগ্রন্থটির প্রথম পাঠক কবির কন্যা তিলোত্তমা বিশ্বাস। কাব্যগ্রন্থটি উপস্থিত অতিথি ও কাব্যপ্রেমীদের কাছে বেশ সমাদৃত হয়েছে। কবির মা ডলি বিশ্বাস ও স্বর্গীয় বাবা প্রশান্ত কুমার দাসকে কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছে। অনুষ্ঠানে অতিথিরা কাব্যগ্রন্থটি থেকে বিভিন্ন কবিতা আবৃত্তি করে শোনান।
বিশ্বভরা প্রাণ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আশরাফ উদ্দিন নজুর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একই সংগঠনের প্রধান উপদেষ্টা বরেণ্য কবি ইমরোজ সোহেল। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাব্যসাচী আবৃত্তি শিল্পী জাহান বশীর।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে কাব্যগ্রন্থটির রচনাশৈলী ও বিষয়বস্তুর ভূয়সী প্রশংসা করেন। এবং কবিকে সাহিত্য চর্চা অব্যাহত রাখতে উদ্বুদ্ধ করেন।
সভাপতি তাঁর বক্তব্যে কবির রচনাকে অকৃত্রিম ও জীবনমুখী বলে অভিহিত করেন। সেই সাথে তাঁর সাহিত্য চর্চার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তোফাজ্জেল হোসেন, কবি ও আবৃত্তি শিল্পী বিধান চন্দ্র রায়, কবি, কলামিস্ট ও সংগঠক কনক চৌধুরী, আবৃত্তি ও সংগীত শিল্পী বিধুরা ধর, কবি ও লেখক অধ্যাপক রেনু আহমেদ, আবৃত্তি শিল্পী ড. সুস্মিতা দাস, কবি ও ছান্দসিক সফিক ইসলাম, কবি জাহাঙ্গীর খান সহ দেশী-বিদেশী সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিবর্গ।
জ্ঞানসঙ্গী প্রকাশনী’র আয়োজন ও আবৃত্তি শিল্পী শিশিত কুমার বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রেয়সী রায় ও তিলোত্তমা বিশ্বাস।
মন্তব্য করুন