কুষ্টিয়া শহরের উপজেলা মোড়ে বাস ও অটোরিকশার সংঘর্ষে কুষ্টিয়া কোর্টের নারী আইনজীবী অ্যাডভোকেট দবোরা খানম (সারিকা) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা মোড় এলাকায় একটি অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এন আর পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অ্যাডভোকেট সারিকা ও আরও দুইজন যাত্রী।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট সারিকা মারা যান। অন্য আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে আইনজীবী সহকর্মী ও স্বজনরা হাসপাতালে ভিড় করেন। এ ঘটনায় আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন