অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে সচিব-সিনিয়র সচিব পদের নয়জনসহ সর্বমোট ২৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। পাশাপাশি ১ হাজার ৫৪৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
গত এক বছরে (২০২৪ সালের ৮ আগস্ট থেকে বর্তমান পর্যন্ত) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৮ আগস্ট থেকে বর্তমান পর্যন্ত এক বছরে অতিরিক্ত সচিব পদের ১৯ জন, গ্রেড-১ পদের একজন এবং সচিব-সিনিয়র সচিব পদের নয়জনসহ সর্বমোট ২৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
এ সময়ে উপসচিব পদে ১৪১ জন, যুগ্মসচিব পদে ৪২৪ জন, অতিরিক্ত সচিব পদে ১৪৯ জন, গ্রেড-১ পদে ২৬ জন এবং সচিব-সিনিয়র সচিব পদে ৪৫ জনসহ সর্বমোট ৭৮৫ জন কর্মকর্তাকে নিয়মিত পদোন্নতি দেওয়া হয়েছে।
এ ছাড়াও, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে উপসচিব পদে চারজন, যুগ্মসচিব পদে ৭২ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, গ্রেড-১ পদে ৪১ জন এবং সচিব পদে ১১৯ জনসহ সর্বমোট ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হয়েছে
অন্যদিকে, গত এক বছরে উপসচিব পদের ১৬ জন, যুগ্মসচিব পদের ১৫ জন, অতিরিক্ত সচিব পদের ৭৫ জন, গ্রেড-১ পদের ৩৪ জন এবং সচিব-সিনিয়র সচিব পদের ২৪ জনসহ সর্বমোট ১৬৪ জন কর্মকর্তা কর্মকাল শেষে স্বাভাবিক অবসরে গেছেন।
এক বছরে ২৪টি বিভাগীয় মামলা করা হয়েছে, আটটি বিভাগীয় মামলা নিষ্পত্তি করা হয়। এ ছাড়াও ১৬টি বিভাগীয় মামলা চলমান। প্রশাসনিক তদন্ত শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস এবং লালমনিরহাট জেলা প্রশাসন কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রতিবেদনে আরও বলা হয়, এক বছরে তিনটি অধ্যাদেশ প্রণয়ন, তিনটি বিধিমালা সংশোধন, একটি বিশেষ বিধিমালা প্রণয়ন এবং ২২টি নিয়োগ বিধিমালা বা প্রবিধানমালা প্রণয়ন বা সংশোধনে সুপারিশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন