ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে ইসরায়েল ত্যাগের আগে দেশটিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। সফর শেষে তিনি বলেন, ‘উষ্ণ আতিথেয়তা এবং ভালোবাসার জন্য ইসরায়েলকে ধন্যবাদ।’
গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সফর শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোদি লেখেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মিসেস নেতানিয়াহু ব্যক্তিগতভাবে আমাকে বিদায় জানাতে বিমানবন্দরে এসেছিলেন, এতে আমি গভীরভাবে স্পর্শিত। আগামী বছরগুলিতে ভারত-ইসরায়েল অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আত্মবিশ্বাসী।
দুই দিনের এই সফরে মোদি ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সফর শেষে ভারতের প্রধানমন্ত্রী জানান, এই সফর দুই দেশের মধ্যকার বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
ইসরায়েলি নেতৃত্বের পক্ষ থেকেও মোদির এই সফরকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করা হয়েছে। দুই দেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা কৃষি, পানি ব্যবস্থাপনা এবং প্রতিরক্ষা খাতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক মহলে ব্যাপক উৎসাহ দেখা গেছে। বিদায়বেলায় মোদি তার বার্তায় পুনরায় উল্লেখ করেন যে, ইসরায়েলের আতিথেয়তা তার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।
সূত্র: এএনআই।
মন্তব্য করুন