তরুণ প্রজন্মকে মাদকমুক্ত, ক্রীড়ামুখী ও আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে কুষ্টিয়ার খোকসায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৮টায় পাঁতেলডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করে পাঁতেলডাঙ্গী যুব সংঘ ক্লাব।
ফাইনালে অংশ নেয় শক্তিশালী হাসিমপুর যুব সংঘ ফুটবল একাদশ ও চকহরিপুর মিঠু স্পোর্টিং ক্লাব।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও খোকসা পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব নাহিদুজ্জামান নাহিদ। এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী অ্যাডভোকেট সুরাইয়া নাসরিন।
খেলা দেখতে মাঠে নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় জমান। বাদ যায়নি ক্ষুদে ফুটবল ভক্তরাও।
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট সুরাইয়া নাসরিন বলেন, “মাদক থেকে সন্তানকে রক্ষা করার অন্যতম উপায় হতে পারে খেলাধুলা। মাদক যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারকে ধ্বংস করছে। এগুলো থেকে মুক্তির পথ হতে পারে খেলাধুলা।”
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নাহিদুজ্জামান নাহিদ বলেন, “খোকসা পৌরসভাকে আধুনিকায়ন ও বেকারত্ব নিরসনে কর্মসংস্থান সৃষ্টির পথ তৈরি করা হবে। আমাদের খোকসা পৌরসভা সি-গ্রেডের পৌরসভা। ২৫ বছর ধরে এভাবেই আছে। এটা যদি বি-গ্রেডে নিয়ে যাওয়া যায় তাহলে এখানে আরও বেশি সহযোগিতা আসবে।”
তিনি আরও বলেন, “আমরা পল্লী বিদ্যুতের কবলে পড়ায় এখানে কোনো কল-কারখানা স্থাপন হয় না। উদ্যোক্তারা পাশের দুই থানায় তাদের কল-কারখানা স্থাপন করেন। আমরা যদি এই বৈদ্যুতিক পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনতে পারি তবে এখানে মিল-ইন্ডাস্ট্রি স্থাপন হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে।”
নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ২-০ গোলে চকহরিপুর মিঠু স্পোর্টিং ক্লাব জয় লাভ করে।
পরে রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নাহিদুজ্জামান নাহিদ ও তার সহধর্মিণী অ্যাডভোকেট সুরাইয়া নাসরিন।
মন্তব্য করুন