বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করা সিনেমা সাধারণত ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়। কিন্তু আমির খান অভিনীত সিনেমা ‘সিতারে জামিন পার’- এর বেলা সেটা একেবারেই ব্যতিক্রম হতে যাচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম নয় সিনেমা ইউটিউবে মুক্তি পেতে যাচ্ছে।
অবশ্য সিনেমা হলে মুক্তির আগেই আমির জানিয়েছিলেন, সিনেমাটি তিনি কোনো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেবেন না। সর্বশেষ গত মঙ্গলবার আমির মুম্বাইতে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, সিতারে জামিন পার’ কোনও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে না। ১ আগস্ট থেকে ‘পে পার ভিউ মডেল (পিপিভি) অনুযায়ী ইউটিউবে সিনেমাটি দেখতে পারবেন দর্শক।
সিনেমাটি মুক্তির আগে এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, ‘আমি চলচ্চিত্র জগতের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি জানি এটা একটা বড় ঝুঁকি, এর সঙ্গে অনেকটা অর্থ বিনিয়োগের মতো বিষয় জড়িয়ে রয়েছে, কিন্তু আমি এই ঝুঁকি নিতে চাই। কারণ আমি চাই যে দর্শক ছবিটি সিনেমা হলে গিয়ে দেখুক। আমি আমার সিনেমা ও আমার দর্শকের প্রতি অগাধ ভরসা রাখি।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, আগামী ১ আগস্ট আমির খানের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘সিতারে জামিন পার’। দর্শক সিনেমাটি দেখতে পারবেন ‘পে পার ভিউ মডেল (পিপিভি) অনুযায়ী। মাত্র ১০০ রুপির বিনিময়ে শুধু ভারতের দর্শকই নন, বরং মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, স্পেনসহ ৩৯টি দেশের দর্শকরাও দেখতে পাবেন।
এখানেই শেষ নয়! জানা যায়, আমিরের অন্যান্য জনপ্রিয় ছবিও নাকি আগামীতে এই ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
এদিকে, বাণিজ্য বিশ্লেষক কোমল নাহতা জানান, আমির নাকি ইতিমধ্যে এই ছবির ১২০ কোটি রুপির ডিজিটাল স্বত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কারণ তিনি দর্শককে হলমুখী করতে চান। সূত্র: হিন্দুস্থান টাইমস।
মন্তব্য করুন