দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন’ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ উপলক্ষে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অনুষ্ঠেয় সমাবেশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মঞ্চের ব্যানারে লেখা আছে, দেশব্যাপী নদী-নালা-খাল, জলাশয় খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় দিনাজপুর জেলার কাহারোল উপজেলাধীন সাহাপাড়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধনে সমাবেশ।
জানা যায়, সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেই মঞ্চে এসে এলাকাবাসীর উদ্দেশে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী।
সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বলরামপুরের অনুষ্ঠানস্থলে ছোট ছোট মিছিল নিয়ে সমবেত হতে শুরু করেন নেতাকর্মীরা। রামচন্দ্রপুর ইউনিয়নের গ্রামবাসী বিশেষ করে নারীরা একনজর তারেক রহমানকে দেখতে উপস্থিত হয়েছেন।
পানি সম্পদ মন্ত্রণালয় ও বিএনপির যৌথ আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে এসেই প্রথমে সা্হাপাড়া খাল খনন কাজের উদ্বোধন করবেন। এরপর খালের পাশে মঞ্চে উঠে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
রামচন্দ্রপুর ইউনিয়নজুড়ে সমাবেশ উপলক্ষে নিশ্ছিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এদিন সকাল থেকেই পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এর আগে, আজ সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন বেলা সাড়ে ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছার পর সরকারপ্রধান সড়ক পথে কাহারোলের উদ্দেশে রওনা হয়েছেন।
মন্তব্য করুন